চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি নমোপাড়ায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি প্রবাসী তিন ভাইয়ের একজনের বিয়ে উপলক্ষে আয়োজিত গায়েহলুদের অনুষ্ঠানে একদল যুবক চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। মামলার প্রধান আসামিরা হলেন— আরমান (১৮), আবির বকাউল (১৮), জিলান (১৯), শুভ (১৮), নিহাদ (১৯), মোহন (২২) সহ আরও কয়েকজন।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। প্রবাসীদের বিয়েবাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।