অনুমতি ছাড়াই সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় খাদ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুল আউয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের অভিপ্রায় অনুযায়ী সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ অব্যাহতির আদেশ দেয়।

এর আগে গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আউয়াল। ওই সফরের জন্য ৮ অক্টোবর মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচি জারি করা হয়েছিল।

তবে এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর আফরোজা খানম অসন্তোষ প্রকাশ করেন এবং পরে আবদুল আউয়ালকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এদিকে সোমবার আরেক আদেশে মিজানুর রহমানকে খাদ্যমন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আফরোজা খানম যতদিন খাদ্যমন্ত্রীর পদে থাকবেন বা মিজানুর রহমানকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।