সন্ত্রাসবাদ দমন ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে আয়োজিত অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ দমন সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ। দুই দিনব্যাপী এ সম্মেলন ২৬ ও ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২৬ অক্টোবর প্রকাশিত বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধান ও প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ আগামী ২৮ অক্টোবর বাংলাদেশে ফিরবেন।

বার্ষিক এ সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনাই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের অন্যতম লক্ষ্য সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার ও মানব পাচার প্রতিরোধে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। এ ছাড়া দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।