সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পথসভা করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় নাওডোবা গোলচত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমেদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসেন, এনপিপির শরীয়তপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানীসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এছাড়া বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাত দফা দাবি বাস্তবায়ন জরুরি। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা তাঁদের সাত দফা দাবি তুলে ধরে বলেন— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।

তাঁরা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ প্রতিনিয়ত নানা সংকটের মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে জ্বালানি ও সারের সরবরাহ স্বাভাবিক করা, বাজার নিয়ন্ত্রণ এবং প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

পথসভা শেষে লংমার্চ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা। একই সঙ্গে সাত দফা দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তাঁরা। কর্মসূচিকে ঘিরে নাওডোবা গোলচত্বর এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।