সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বুধবার (২২ এপ্রিল) করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদে সীমিত আকারে তারাবিহ’র নামাজের অনুমোদন দিয়েছেন।
বাদশাহ সালমান পবিত্র দুটি মসজিদে রমজান মাসে তারাবিহ আদায় করার বিশেষ অনুমোদন দিয়েছেন। তবে তারাবিহ’র নামাজ ২০ এর পরিবর্তে ১০ রাকাত করে আদায় করা হবে। এছাড়া তাহাজ্জুদ নামাজ, পবিত্র কুরআন খতম, ইতিকাফ বাতিল করা হয়েছে।
দুটি মসজিদের শায়খ এবং খাদেমরা তারাবিহ’র নামাজ আদায় করবেন। যদিও মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে জনসাধারণের উপস্থিতি এখনও নিষিদ্ধ রয়েছে।
পবিত্র রমজান মাসে সৌদির যে শহরগুলোতে কারফিউর বিধিনিষেধ রয়েছে সেখানে সকাল ৯ টা থেকে সংশোধন করে বিকাল ৫ টা পর্যন্ত করা হয়েছে।
যে শহরগুলো সম্পূর্ণ লকডাউনের অধীনে রয়েছে, সেখানকার বাসিন্দাদের শুধুমাত্র মুদি এবং চিকিৎসা সরবরাহের জন্য বাড়ি থেকে বের হওয়ার অনুমতি রয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কাজে ড্রাইভারের সাথে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ হাজার ৭৭২ জন আক্রান্ত এবং ১ হাজার ৮১২ জন সুস্থ হয়েছে।



মন্তব্য করুন