শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। বঙ্গবন্ধু গণমানুষের হৃদয়ে চিরদিন বেচেঁ থাকবেন। মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবেনা।
শনিবার (১৫ আগষ্ট) বিকেলে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন অপু এমপি বলেন, ঘাতকেরা ভেবেছিলো বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে শেষ করতে পারলে দেশকে আবার পাকিস্তান বানাতে পারবে। এজন্য তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু ঘাতকদের উদ্দেশ্য সফল হয়নি আর ভবিষ্যতেও হবেনা। কারন, বঙ্গবন্ধুর আদর্শ চেতনা এদেশের মাটি ও মানুষের অন্তরে মিশে আছে। ঘরে ঘরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা দেশমাতাকে রক্ষার জন্য অতন্ত্র প্রহরি হয়ে সদা জাগ্রত রয়েছে।
এমপি ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে বাংলাদেশ উন্নত দেশের কাতারে থাকত। বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ চেতনা বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র দেশের এই অগ্রযাত্রা রোধ করতে পারবেনা।
জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ কোতোয়াল, সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মির্জা হজরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর প্রমূখ।



মন্তব্য করুন