ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর কাঠের আঘাতে বাদশা সরদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদশা সরদার শরীয়তপুরের সখিপুর থানাধীন চরকুমারিয়া ইউনিয়নের নাওডুবা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বাদশা সরদারের প্রতিবেশী আল-আমিন হাওলাদারদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২৮ মার্চ বাদশা সরদার তার জমিতে গাছ রোপণ করতে গেলে আল-আমিন হাওলাদার তাকে বাধা দেয়।
এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে বাদশা সরদারের মাথায় আঘাত করে আল-আমিন হাওলাদার ও তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলার পর ৫ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন