কোরআনের আলোকে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে শরীয়তপুর জেলাব্যাপী ১৫তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়।

আল ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সখিপুর থানার ডি এম খালী বাজার জামে মসজিদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলার ২২টি প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকাল চারটায় ২৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় ডি এম খালী বাজার জামে মসজিদের খতিব জাবের আহমাদ কাসেমী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসার প্রবীণ মুদাররিস মাওলানা শহিদুল্লাহ সাহেব।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাদ্রাসার প্রধান এবং আল ইসলাহ ইসলামী সেবা সংস্থা-এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজকরা বলেন, কোরআনের আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে আল ইসলাহ ইসলামী সেবা সংস্থা নিয়মিত কোরআন প্রতিযোগিতার আয়োজন করে। পাশাপাশি, তারা সমাজের বিভিন্ন স্তরে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।