শরীয়তপুরে টানা দুই দিনের টানা বৃষ্টি যেন পুরো জেলার চিত্রই পাল্টে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। থেমে গেছে ব্যবসা-বাণিজ্যের চাকা, ফাঁকা হয়ে পড়েছে বাজার। অনেক দোকানপাট বন্ধ, রাস্তা ঘাটে নেই সেই চিরচেনা কোলাহল।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে শুরু হওয়া এই প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় নিম্নাঞ্চলগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এমনকি বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। পানির সঠিক নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা।

দুদিনের টানা বৃষ্টিতে শরীয়তপুর সদর হাসপাতাল, পৌর শহরের নিরালা আবাসিক এলাকা, শান্তিনগর, হরিসভা, বাঘিয়া, বাসস্ট্যান্ড, দার্সাত্তা ও কোতোয়ালবাড়িসহ বহু এলাকা পানিতে ডুবে গেছে। অনেকের মাছের ঘেরও পানিতে ভেসে গেছে, যার ফলে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা।

শুক্রবার সকালেই দেখা গেছে—সদর হাসপাতালের মাঠ, সিভিল সার্জন অফিস, জেলা ডাকঘরের সামনে, সাবনুর মার্কেট, চরপালং ও পৌরসভার পেছনের এলাকাগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ মারাত্মক দুর্ভোগে পড়েছেন। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অধিকাংশ সড়ক।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুর মোশারফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের সামনেই হাঁটুসমান পানি। সেখানে পড়ে গিয়ে আহত হয়েছি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রোগীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

হরিসভা এলাকার গৃহবধূ আমেনা বেগম বলেন, “ঘরে পানি উঠে যাওয়ায় গত রাত থেকেই রান্না বন্ধ। শুকনা খাবার খেয়ে দিন কাটছে। এখন বাবার বাড়ি যাচ্ছি, এখানে আর থাকার পরিবেশ নেই।”

উত্তরবাজার এলাকার রিকশাচালক কাইউম বেপারি জানান, “টানা বৃষ্টিতে রাস্তাগুলো ভেঙে গর্ত হয়ে গেছে। পানিতে সেই গর্ত চোখে পড়ে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে বাধ্য হয়েছি।”

জলাবদ্ধতা ও দুর্যোগে নিম্নআয়ের মানুষদের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। এখনো যদি সঠিক পরিকল্পনায় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হয়, তবে ভবিষ্যতে এই দুর্যোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।