শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারীর বাড়ির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৫ সেকেন্ডের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই এলাকা সাদা ধোঁয়ায় ঢেকে যায়।

রুহুল আমিন বেপারী বলেন, “আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। আমি কমিটির পক্ষে থাকায় বিরোধীপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করছি।”

পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”