৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন শরীয়তপুরের গর্ব উল্লাস পাল। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও জীবনের কোনো ধাপে তিনি কখনো প্রতিবন্ধী কোটা গ্রহণ করেননি। সাধারণ প্রার্থীদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করেই এই সাফল্য অর্জন করেছেন তিনি।
উল্লাস পালের জন্ম শরীয়তপুর সদর উপজেলার কার্তিকপুরে। জন্ম থেকেই তাঁর দুই হাত ও পা বাঁকা। ডান হাতে শক্তি না থাকায় লেখার সময় কষ্ট হতো, হাঁটতেও সমস্যায় পড়তেন। কিন্তু এসব প্রতিবন্ধকতা কখনোই তাঁর আত্মবিশ্বাসে ভাটা ফেলতে পারেনি। ছোটবেলা থেকেই তিনি নিজেকে সুস্থ ও সক্ষম একজন মানুষ হিসেবে মানসিকভাবে প্রস্তুত করে গড়ে তুলেছেন।
কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু করে স্থানীয় কার্তিকপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার নর্দান কলেজ বাংলাদেশ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে। সেখানে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় ৪৬৩তম স্থান অর্জন করেন।
উল্লাস জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও প্রতিবন্ধী কোটা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আমি সেটা নেইনি। সবসময় নিজেকে সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছি। নিজের সামর্থ্যে বিশ্বাস রেখেছি।”
এর আগেও তিনি কয়েক দফা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ৪০তম বিসিএসে মৌখিক পরীক্ষার সময় তাঁর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে নেতিবাচক প্রশ্ন করা হয়। সেসময় তিনি ক্যাডার বা নন-ক্যাডার—কোনো পদেই সুপারিশ পাননি। পরে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে এবং ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
এবার ৪৪তম বিসিএসে এসে অবশেষে নিজের প্রথম পছন্দ প্রশাসন ক্যাডারে জায়গা করে নিলেন উল্লাস। মৌখিক বোর্ডের পরীক্ষকরা তাঁর আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকে উৎসাহিত করেছেন বলে জানান তিনি।
উল্লাস বলেন, “শারীরিক প্রতিবন্ধকতার জন্য কোনো মানুষের মনোবল ভেঙে দেওয়া উচিত নয়। আমরাও চাই আমাদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে দেশের জন্য অবদান রাখতে। আমার এই অর্জন তরুণদের জন্য একটি বার্তা—ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।”
উল্লাস পালের এই সাফল্যে শরীয়তপুরের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে গর্ব ও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে।



মন্তব্য করুন