শরীয়তপুরে বসতবাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আক্তার সরদার (৩৪) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার সরদার শরীয়তপুর সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার নূর হোসেন সরদারের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেশাগতভাবে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, “বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন