শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনকে রাজধানীর বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২ জুলাই) রাত ১টা ১০ মিনিটের দিকে বনশ্রীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র।
জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পারভেজ রহমান জনকে এজাহারভুক্ত ৭৩ নম্বর আসামি করা হয়েছে। মামলার এফআইআর অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হন। পরে আদালতের নির্দেশে মামলাটি চলতি বছরের ২৮ জানুয়ারি থানায় রেকর্ড করা হয়।
পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় ডিবির একটি দল বাসায় এসে জানায়, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। পরে তারা পারভেজ রহমান জনকে ঢাকার মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এ বিষয়ে শরীয়তপুর সদর থানার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “সাবেক মেয়র পারভেজ রহমান জন গ্রেপ্তারের বিষয় আমাদের কাছে অফিসিয়াললি কোন তথ্য নেই।”



মন্তব্য করুন