মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিন নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ভোরে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্প ও সদর মডেল থানার যৌথ অভিযানে একটি পিস্তল, একটি ইয়ার গান, একটি কাটা রাইফেল, একটি ম্যাগাজিন, ১২৫ রাউন্ড গুলি ও উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও জব্দ করা হয় পাঁচটি মোবাইল ফোন ও একটি ল্যাব সরঞ্জাম।

আটককৃতরা হলেন—কালাম মাতুব্বর (৫৩), মিলন মাতুব্বর (৫৪), মনু মাতুব্বর (৫০), লাকি বেগম (৪৫), পারুল বেগম (৪৫) ও খাদিজা আক্তার (২৩)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনা কর্মকর্তা মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান চলমান অপরাধ দমনের অংশ। উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান চলবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।