অবৈধ পথে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে মানবপাচারে জড়িত চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডল (৩৮) কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার উজান দক্ষিণ পাড়া গ্রামের আকিবার মন্ডলের ছেলে।

শুক্রবার গভীর রাতে ডাসার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, মানবপাচার মামলার পলাতক আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী পরিবারগুলো লাল্টু মন্ডলের ফাঁসির দাবিতে থানা ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, লাল্টু মন্ডল মানবপাচারকারী একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের রুহুল আমিন চৌকিদার, ইয়ামিন সরদার, তারিব সরদার, বেল্লাল সরদার, সজিব সরদার, রাহাত ও ইব্রাহীমসহ প্রায় ৮ থেকে ১০টি অসহায় পরিবারের কাছ থেকে ইউরোপ ও আমেরিকায় পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

পরে লাল্টুর নেতৃত্বে ওই যুবকদের লিবিয়া নিয়ে গিয়ে সেখানে বন্দি করে নির্যাতন চালানো হয় এবং তাদের পরিবারগুলোর কাছে মুক্তিপণ দাবি করা হয়।

ভুক্তভোগীদের পক্ষে রুহুল আমিন চৌকিদারের মা রিনা বেগম বাদী হয়ে লাল্টু মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার বাদী রিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেসহ আরও অনেক অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে এই মাফিয়া লাল্টু মন্ডল। এখন আমাদের ছেলেদের লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করছে এবং আরও টাকা দাবি করছে। আমরা এই মাফিয়াদের ফাঁসি চাই।”

ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম আরও বলেন, “মামলার প্রধান আসামি লাল্টু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”