মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভয়াবহ ভাঙনে ইউপি সদস্যের বাড়িসহ প্রায় তিন শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনকবলিত মানুষজন। ইতোমধ্যে কয়েকশ একর ফসলি জমিও নদীতে তলিয়ে গেছে।

এদিকে নতুন করে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের শতাধিক পরিবার ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো মুহূর্তে রাক্ষুসী আড়িয়াল খাঁ নদ গ্রাস করতে পারে প্রায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার-ঘাট, বসতবাড়ি ও ফসলি জমি।

আজ শুক্রবার সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে ভয়াবহ এ চিত্র দেখা গেছে। অপরদিকে, নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত সাহেবরামপুর এলাকার নতুন আন্ডারচর লঞ্চঘাট ও পূর্ব সাহেবরামপুর গ্রামের ওপর দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদে বছরের পর বছর ধরে ভাঙন চলছে। এর ফলে ইতোমধ্যে হাজারো বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

চলতি বছর পূর্ব সাহেবরামপুর গ্রামের আক্কাস আকন, মোয়াজ্জেম ফকির, শিরাজ ফকির, মোশারফ সরদার, শাহাবুদ্দিন সরদার, মোকলেছ সরদার, ফিরোজ ভূঁইয়া, আরিফ ভূঁইয়া, সঙ্কল সরদার, হিরণ সরদার, মজিবর সরদার, আলাউদ্দিন সরদার, সাগর আলী, জসিম সরদার ও ইউপি সদস্য আদেল বেপারীর বসতভিটাসহ প্রায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে।

বর্তমানে নতুন করে ভাঙনের হুমকিতে রয়েছে নতুন আন্ডারচর এলাকার হাজী করিম খানের হাট, ৭৩নং নতুন আন্ডার প্রাথমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বিদ্যালয়, ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসা, আল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা, করিম খানের হাট পোস্ট অফিস, গোলপাতা বাজারসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়া সজীব বেপারী, সুলতান বেপারী, স্বপন বেপারী, কালাম বেপারী, মন্টু সরদার, বাদশা হাওলাদার, আলী সরদার, আলিম সরদার, শাহাদাত সরদার, সবুজ সরদার, শাহিন সরদার, লতিফ সরদার, আজিজুল ফকির ও সোহাগ ফকিরসহ আরও শতাধিক পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছেন।

এমতাবস্থায় দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ও স্থানীয় বাসিন্দা মো. সাদিকুর রহমান সাদিক বলেন, “ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা না নেওয়া হলে পুরো গ্রাম, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, বাজারঘাটসহ সবকিছু নদীর পেটে চলে যাবে।”

আন্ডারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন বলেন, “আড়িয়াল খাঁ নদ বিগত বছরগুলোতে হাজারো পরিবারকে নিঃস্ব করেছে। এখনই প্রতিরোধ না করা হলে অবশিষ্ট ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হবে না।”

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শুভ সরকার বলেন, “কালকিনির সাহেবরামপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।”

কালকিনি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, “ভাঙনকবলিত এলাকা আমি সরেজমিন পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”