মাদারীপুরের ডাসারে সৈয়দ বেল্লাল হোসেন (৫৫) নামে এক সাবেক উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানের অবৈধ দখলে নির্মিত স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে উপজেলার কাঠালতলা বাজারে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় যুব সমাজ, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক সমাজ, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার, মো. নুরুজ্জামান তালুকদার, মো. রুবেল মাতুব্বর, মীর আমির, মো. সাইদুল মাতুব্বর, রোমাজ, মো. সজীব মেম্বার ও গৌতম মেম্বারসহ অর্ধশতাধিক স্থানীয় ব্যক্তি।

এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়, যেখানে দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ বেল্লাল হোসেন প্রভাব খাটিয়ে সরকারি জমি ভরাট করে সেখানে একাধিক পাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ করেছেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয় এবং জমি পরিমাপের উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলামের তত্ত্বাবধানে জমি পরিমাপ কার্যক্রম পরিচালনা করেন জেলা কানুনগো সনাতন কর্মকার, জেলা সার্ভেয়ার মো. মহিউদ্দিন, উপজেলা সার্ভেয়ার মো. সামসুল হক এবং সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। পরিমাপে দেখা যায়, সৈয়দ বেল্লাল হোসেনের একাধিক স্থাপনা সরকারি জমির মধ্যে অবস্থিত।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে যা জনস্বার্থের পরিপন্থী। দ্রুত এসব স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

অভিযুক্ত সৈয়দ বেল্লাল হোসেন বলেন, “আমি জমি পুনরায় পরিমাপ করার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছি।”

জেলা কানুনগো সনাতন কর্মকার বলেন, “সরকারি জমি পরিমাপের পর দেখা গেছে, বেল্লাল হোসেনের একাধিক পাকা ও কাঁচা স্থাপনা সরকারি জমির মধ্যেই রয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”