মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (পূর্বের নাম: সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ) এবং শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান এবং উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুসহ চার সদস্যের একটি দল।

অনুসন্ধানে জানা যায়, ২০১৩ সালের ১৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে “শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ” জাতীয়করণের লক্ষ্যে একটি পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্রে কলেজটির নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং এসব সম্পত্তি সরকারের (সচিব, শিক্ষা মন্ত্রণালয়) নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।

তবে উক্ত নির্দেশনা উপেক্ষা করে তৎকালীন অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি ছয়জনকে—সৈয়দ অলিউর রহমান, সুদীপ বসু, রেবেকা পারভান এ্যানী, নুরুন নাহার, হুমায়ুন কবির এবং মো. মামুন—শিক্ষক ও কর্মচারী হিসেবে নিয়োগ দেন। এই বিষয়ে স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদন দুদকের নজরে আসলে তারা তদন্তে নামে।

দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন,

> “আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা চার সদস্যের একটি টিম নিয়ে দুইটি কলেজে অভিযান পরিচালনা করেছি। ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম হয়েছে। শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই নিয়োগ দেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে তথ্য ও রেকর্ডপত্র চেয়েছি, কিন্তু কর্তৃপক্ষ তা দেখাতে পারেননি। তারা আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছেন।”

অপরদিকে, শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমোদন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিভিন্ন অনিয়মের রেকর্ড দুদক সংগ্রহ করেছে।

আখতারুজ্জামান আরও জানান,

> “শশীকর কলেজের অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করছেন, কিন্তু বাংলাদেশ থেকে বেতন গ্রহণ করছেন—এটা সত্য। কীভাবে তা সম্ভব হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি তা আইন ও বিধিবহির্ভূত হয়, তাহলে কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”

শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন,

> “আমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে আমি আদালতে রিট করেছি।”

ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন,

> “উপরমহলের মৌখিক অনুমতির ভিত্তিতে তৎকালীন সময়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল।”