শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে ফসলী জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১১ আগস্ট) সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী গ্রামে এ অভিযান চালানো হয়। এসময় দুস্কৃতিকারী ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে ড্রেজারের যন্ত্রাংশ আইনানুসারে জব্দ করা হয়। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। স্থানীয়রা জানায়, শরীয়তপুর সদর উপজেলার সোনামুখী বড় তালুকদার বাড়ি কাছে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার লাগিয়ে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছে ড্রেজার ব্যবসায়ী ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে ভেশালীয়া গ্রামের দুলাল মল্লিক ও সোনামুখী গ্রামের কামাল মাদবর। ক্ষমতার অপব্যবহার করে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণে প্রবাসী মোক্তার মোল্লার কৃষি জমিসহ আশেপাশের জমিগুলো ভেঙে পড়ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ড্রেজারগুলো জব্দ করলেও পালিয়ে যায় অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা।
এব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, প্রশাসন ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটির উত্তোলনকারীরা কোনো ভাবে ছাড় পাবে না।



মন্তব্য করুন