শরীয়তপুরের সদর উপজেলায় স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন অমান্যের দায়ে পাঁচটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে সমন্বিত মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১২ আগস্ট) সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য, জেলা পুলিশের সদস্যরা এবং আনসারের একটি চৌকস দল।
অভিযানে ‘দেশ ফুড প্রোডাক্টস’ বেকারিকে ৫০ হাজার টাকা, ‘নিউ বেঙ্গল বেকারী’কে ২৫ হাজার টাকা, ‘হাজী ফুড প্রোডাক্টস’কে ২০ হাজার টাকা, ‘ফেমাস বেকারী’কে ১৫ হাজার টাকা এবং ‘ভাই ভাই ফুড প্রোডাক্টস’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে ব্যত্যয় পাওয়া যায়, তার মধ্যে ছিল—নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, অনুমোদনহীন রং ও ফ্লেভার ব্যবহার, ঢাকনাযুক্ত ডাস্টবিনের অনুপস্থিতি, নিবন্ধনবিহীন পণ্য উৎপাদন, সঠিক মোড়কীকরণ না করা, উন্মুক্তভাবে ফ্লোর ও টেবিলে খাদ্য রাখা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা।
উপজেলা প্রশাসন জানায়, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন