শরীয়তপুরে গভীর রাতে মুখোশ পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের ঘটনায় ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এই কর্মসূচি পালন করেন।
ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে ডোমসা থেকে কাউসার ফকির (২৮), মামুন খান (২৬), আবদুল মান্নান বেপারী (২৩) ও মুন্না খান (২৫) এবং বিলাসপুর থেকে শামীম মাদবর (২৮) ও আসাদ মুন্সি (১৮) কে আটক করে।
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ স্টুডেন্টস লীগ’-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ছাত্রলীগ কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বালন করে দোয়া ও প্রার্থনা করছেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেন।
স্থানীয় রাজনৈতিক নেতাদের বরাতে জানা যায়, গত বছর ১৫ আগস্ট জাজিরায় আওয়ামী লীগের শেষ প্রকাশ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর থেকে রাতের আঁধারে মশাল মিছিল, পোস্টার টাঙানো ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো ঘটনা ঘটছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত ১২টা থেকে ১টার মধ্যে ছাত্রলীগের কয়েকজন কর্মী মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে, বাকিরা পালিয়ে যান। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের নামে মুখোশ পরে স্লোগান দেওয়ার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”



মন্তব্য করুন