ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এস. এম. আজিজুল হক বলেছেন, “সত্য প্রকাশ করলেই আজ সাংবাদিকদের জীবন দিতে হয়।”

তিনি আরও বলেন, “আমি বলবো, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, ধর্ষণমুক্ত এবং টেন্ডারবাজমুক্ত সমাজ গড়তে ইসলামের পক্ষে, হাতপাখায় আপনারা সবাই ভোট দিন। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে পারি, তাহলে সকল ভোটারের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

আজ বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার দলীয় অফিস কার্যালয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারি মহিউদ্দিন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারি তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন ও প্রশিক্ষণ সম্পাদক রাইহান প্রমুখ।