শরীয়তপুর সদর হাসপাতালের সামনে শিল্পকলা মাঠে জনজটপূর্ণ স্থানে জেলা প্রশাসনের অনুমতিতে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সদর হাসপাতাল সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করে শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, হাসপাতাল, সরকারি বালিকা বিদ্যালয়, শিশু পার্ক ও জেলা শিশু একাডেমির পাশে বাণিজ্য মেলা আয়োজন সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। এতে একদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বাড়বে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশও বিঘ্নিত হবে।

মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাজমুল মাঝি বলেন, “জেলা শিল্পকলা একাডেমির মাঠ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র, এটিকে মেলা প্রাঙ্গণে রূপান্তর করা যাবে না।”

শরীয়তপুর সরকারি কলেজের আরেক শিক্ষার্থী সানজানা খান বলেন, মেলা বন্ধ করা না হলে জেলার সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা মিলে আন্দোলনের মাধ্যমে মেলা বন্ধ করতে বাধ্য করা হবে।

শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, শহরের ব্যস্ততম এলাকা সদর হাসপাতাল, বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু পার্ক ও শিল্পকলা একাডেমির পাঁচ পয়েন্টে বাণিজ্য মেলার আয়োজন করা হলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পারবে। আমরা চাই শহরের বাইরে ফাঁকা জায়গায় মেলার আয়োজন করা হোক।