শরীয়তপুরের একমাত্র বিসিক শিল্পনগরী জরুরি উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে চরম সংকটে পড়েছে। প্রায় এক বছর ধরে চলছে সুপেয় পানির তীব্র সংকট। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, রাস্তাঘাট খানাখন্দে ভরা, আর পচা পানি ও ময়লার দুর্গন্ধে কর্মচারী ও স্থানীয়রা অতিষ্ঠ।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে ১০০টি প্লটের মধ্যে বর্তমানে মাত্র ৪২টি শিল্পপ্রতিষ্ঠান সক্রিয়। বাকিগুলো বন্ধ বা অকার্যকর। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, কারখানায় পানি ঢোকার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। শ্রমিক ও মালিকরা অভিযোগ করছেন বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ।

বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নাজমুল হকের মতে, বরাদ্দের অভাবে ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক রাখা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই পানির সংকট সমাধানের আশা দিয়েছেন তিনি। এদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।