কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের জনতার নেতা মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যদি আল্লাহ তায়ালা ক্ষমতায় আনেন, তাহলে জনাব তারেক রহমান প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড প্রদান করবেন। এই কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসে আর্থিক সহযোগিতা পাবেন। এতে সবার মধ্যে সচ্ছলতা ফিরে আসবে, কেউ আর অসহায় থাকবে না।

তিনি আরও বলেন, “তারেক রহমান ৩১ দফায় মায়েদের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। কারণ, আমাদের সবচেয়ে আপন মানুষ হচ্ছেন মা। আপনারা যেভাবে ফরম পূরণ করেছেন, অন্যদেরও সেভাবে ফরম পূরণে উৎসাহিত করবেন।”

শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কালকিনি উপজেলা ও পৌরসভা মহিলা দলের সদস্য সংগ্রহের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাম সরদার, উপজেলা মহিলা দলের নেত্রী ইশরাত ওসমান শিমু ও জাকিয়া সুলতানা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।