শরীয়তপুরে প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জিমনেসিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পালং বাজারের দুবাই প্লাজার ৩য় ও ৪র্থ তলায় সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টায় “মাস্টার জিম”-এর লেডিস সেকশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, চ্যানেল আই প্রতিনিধি সাংবাদিক এসএম মজিবর, মতিউর রহমান বাহার, রিঙ্কু তালুকদার, সঞ্জয় শিকদার, আজিজুল বেপারী, রতন হাওলাদার, ফিরোজ খান ও জাবেদ শেখসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, তরুণ-তরুণী এবং স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“শরীরকে সুস্থ ও সবল রাখা শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, বরং এটি আল্লাহর একটি বড় নিয়ামত। সুস্থ শরীর ছাড়া জীবনের কোনো কাজে সফলতা আসে না। নিয়মিত ব্যায়াম যেমন শরীরকে ফিট রাখে, তেমনি মানসিক প্রশান্তিও প্রদান করে।”

এ সময় উপস্থিত আলেম-ওলামারা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন—
“মানুষের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়া ইসলামের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ইবাদতের প্রস্তুতির অন্যতম অংশ।”

পরে শরীয়তপুরবাসীর সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাস্টার জিমের পরিচালক নাজমুল হাসান তামিম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
“সুস্থ শরীরের জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে শরীর ফিট থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জটিল রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। শরীয়তপুরের মানুষ যেন আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যায়ামের সুযোগ পান, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।”

স্থানীয়দের প্রত্যাশা, শরীয়তপুরে আধুনিক এই জিমনেসিয়াম চালুর মাধ্যমে তরুণ সমাজ ও নারীরা স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে।