শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) এ কার্যক্রমের আয়োজন করে ভেদরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সখিপুর থানা যুবদল তোফায়েল আহমেদ সরদার এবং সিনিয়র সহ-সভাপতি, সখিপুর থানা যুবদল শাহাদাৎ হোসেন বেপারীসহ অন্যান্যরা।
এসময় পুকুরে রুই, কাতলা ও মৃগেল প্রজাতির প্রায় ৪০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের কার্যক্রম দেশের উন্মুক্ত জলাশয় ও সরকারি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্য কর্মকর্তারা আরও উল্লেখ করেন, দেশীয় মাছের প্রজাতি টিকিয়ে রাখার পাশাপাশি এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলতে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।



মন্তব্য করুন