গত বছরের ১৭ সেপ্টেম্বর সখিপুর থানায় যোগদানের পর থেকেই অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক মানবিক নেতৃত্ব, কঠোর পদক্ষেপ ও কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার জন্য এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

যোগদানের পরপরই তিনি থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ স্থানে পরিণত করতে উদ্যোগী হন। সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, হত্যা মামলার আসামি, নারী নির্যাতন, চোরাচালান ও পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এর ফলে এলাকায় সামাজিক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

থানায় দায়িত্ব নেওয়ার পরই ওসি ওবায়দুল হক প্রথমে ঘুষ ও দালালমুক্ত থানা গঠনের উদ্যোগ নেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আস্থা বেড়েছে। বর্তমানে কেউ থানায় এসে অবৈধ লেনদেন বা হয়রানির শিকার হচ্ছেন না।

অপরাধীদের দমন ও সন্ত্রাস প্রতিরোধে তিনি বিশেষ অভিযান পরিচালনা করেন। “অপারেশন ডেভিল হান্ট” ছিল তাঁর নেতৃত্বে পরিচালিত একটি উল্লেখযোগ্য সাফল্য, যা এলাকায় ব্যাপক আলোড়ন তোলে। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি বিট পুলিশিং কার্যক্রম চালু করেন। এর ফলে সাধারণ মানুষ সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারছে এবং মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমে গেছে।

ওসি ওবায়দুল হক তাঁর মানবিক মনোভাবের জন্য এলাকায় বিশেষভাবে প্রশংসিত। স্থানীয়রা বলেন, “তাকে কখনও পুলিশ মনে হয় না, বরং পরিবারের একজন মনে হয়। তবে অপরাধীদের কাছে তিনি আতঙ্ক।”

ওসি ওবায়দুল হকের দায়িত্বশীলতা ও সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি ইতিপূর্বে একাধিকবার জেলা পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। এই সম্মাননা তাঁর কর্মদক্ষতা, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ।

সামাজিক নেতাদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছেন তিনি। এর ফলে থানাটি আজ একটি আধুনিক, জনবান্ধব ও নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

ওসি ওবায়দুল হকের দূরদর্শী নেতৃত্বে সখিপুর থানায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, দ্রুত অপরাধ তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। স্থানীয়রা এখন থানাকে ভরসার স্থান হিসেবে দেখছেন, আর এই আস্থা গড়ে তোলার মূল কৃতিত্ব ওসি ওবায়দুল হকের।