মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে মাত্র ১৮০ টাকার সরকারি ফি দিয়ে চাকরি পেয়েছেন ১৬ জন তরুণ। কোনো ঘুষ, তদবির বা রাজনৈতিক প্রভাব ছাড়াই—শুধু শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় মৌখিক পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এ সময় কয়েকজন নবনিযুক্ত সদস্য আবেগে কেঁদে ফেলেন।
মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩৩০ জন। ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯ জন, যাদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। বাকি ৩ জনকে আপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পুলিশ সুপার নাঈমুল হাসান বলেন, “শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা আজ এই জায়গায় এসেছেন। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে আপনারাই গড়বেন স্মার্ট বাংলাদেশ।”



মন্তব্য করুন