শরীয়তপুরের সখিপুরে পুকুরের পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জান্নাত নামে ৩ বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে ঘটে।

নিহত শিশু ইমন হোসেনের বাবার নাম বাদল সরকার ও তাউহিদ ইসলামের শাহ-আলম বেপারি তারা উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পাশের এক পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তাঁরা। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় জান্নাত নামে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আবুল হোসেন নামে স্থানীয় একজন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিলোনা। তবে জান্নাতকে পুকুরের পাড়ে পেয়েছি জীবিত অবস্থায়। পরে তাকে হাসপাতালে পাঠিয়েছি।

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, বাড়ির পাশে খেলতে যেয়ে পরিবারের অসচেতনতায় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।