মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে রাকিব মাদবর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে কয়েক মাস আগের একটি সংঘর্ষের রেশ রয়েছে, যেখানে প্রতিপক্ষের একজন নিহত হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের পক্ষের সঙ্গে রাকিবদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ৬ মে সংঘর্ষে আবুল কালামের ছেলে ইবনে সামাদ নিহত হন। ওই মামলার আসামি রাকিব সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন।

রোববার রাত প্রায় ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি রাকিবের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাকিব চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন,
“কয়েক মাস আগে ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।