মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেনু বেগম মৃত সাদেক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রেনু বেগমের মোবাইলে বারবার ফোন করেও যোগাযোগ না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে তাকিয়ে তারা বিছানায় রেনু বেগমকে শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতরে বিভিন্ন মালামাল ছড়ানো অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, হত্যার পর চুরির ঘটনাও ঘটানো হয়েছে। প্রায় এক মাস আগে একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন