শরীয়তপুর, ২৮ সেপ্টেম্বর:
শরীয়তপুর জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম।

এসপি নজরুল ইসলাম বলেন, “আজ থেকে শুরু হওয়া দুর্গোৎসব দোসরা অক্টোবর পর্যন্ত চলবে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে একটি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রত্যেক পূজামণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া থানা এলাকায় টহল টিম, মোবাইল টিম ও সাদা পোশাকে ডিবি টিম সার্বক্ষণিক মাঠে কাজ করবে।”

তিনি আরও জানান, পূজা চলাকালীন সময়ে পুলিশ সদর দফতর থেকে নিয়মিত মনিটরিং করা হবে এবং ঢাকা রেঞ্জের ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে জেলা পুলিশ।

শরীয়তপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য উল্লেখ করে এসপি নজরুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে চাই। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে রইল শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা।”

তিনি জানান, ইতোমধ্যে একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা চলাকালীন সময়ে আরও বেশ কয়েকটি মণ্ডপে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

জেলা পুলিশের এ উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন।