প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে সরকারের ‘স্কুল ফিডিং’ প্রকল্প শুরু হওয়ার আগেই টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তুলনামূলক বেশি দামে কার্যাদেশ দেওয়ায় সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ২০ কোটি টাকা।
২০০১ সালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সহায়তায় চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি ২০১০ সাল পর্যন্ত চলমান ছিল। এরপর ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত দারিদ্র্যপীড়িত এলাকায় সীমিত পরিসরে কার্যক্রম চললেও ২০২২–২০২৪ সালে তা বন্ধ থাকে। চলতি অর্থবছরে ২,১৬৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রকল্পটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যার কার্যক্রম জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল।
তবে ২৫ আগস্ট দরপত্র আহ্বান করা হলেও তিন মাস পেরিয়ে গেলেও মূল্যায়ন শেষ হয়নি। মাঠপর্যায়ে কার্যক্রম শুরু না হওয়ায় দেশের আট বিভাগের ১৫০টি উপজেলার প্রায় ৩১ লাখ কোমলমতি শিক্ষার্থী এখনো নির্ধারিত ‘মিড ডে মিল’ পাচ্ছে না।
সূত্র জানায়, সপ্তাহের বিভিন্ন দিনে শিক্ষার্থীদের বনরুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফর্টিফাইড বিস্কুট ও মৌসুমি ফল সরবরাহের পরিকল্পনা থাকলেও বিস্কুট সরবরাহের টেন্ডারেই অনিয়মের অভিযোগ সবচেয়ে প্রকট।
ঢাকা বিভাগের দরপত্র বিশ্লেষণে দেখা গেছে, সর্বনিম্ন দরদাতা মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ ৪০ কোটি ৬৪ লাখ টাকায় প্রস্তাব দিলেও কার্যাদেশ দেওয়া হয়েছে চতুর্থ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে, যার দর ৪৬ কোটি ৬৬ লাখ টাকা। ফলে শুধু ঢাকা বিভাগেই বাড়তি ব্যয় হবে প্রায় ৬ কোটি টাকা।
চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।
মাসাফি ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল এইচ চৌধুরী বলেন, “আমরা সর্বনিম্ন দরদাতা হয়েও বাদ পড়েছি। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার এক মাস পর হঠাৎ অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।”
দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ব্লসম ফুড অ্যান্ড বেভারেজের এজিএম সাইদুর রহমান বলেন, “সাধারণত সর্বনিম্ন বাদ পড়লে দ্বিতীয় বা তৃতীয় প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হয়। এবার কোনো রেসপন্সই পাইনি।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “মিড ডে মিলের টেন্ডার প্রক্রিয়া এখনো চলমান। অনিয়মের বিষয়ে কিছু জানি না।”
প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, “টেন্ডারে কোনো অনিয়ম হয়নি। টেকনিক্যালি নন-রেসপন্সিভ প্রতিষ্ঠানগুলো বাদ গেছে। বিস্কুট ও দুধের টেন্ডার শেষ হয়েছে, বাকিগুলোর মূল্যায়ন চলছে।”
পুষ্টিবিদ নাঈমা রুবী বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের দুপুরের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল ফিডিং প্রকল্পটি শিশুদের পুষ্টি উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।”
বিশ্লেষকদের মতে, শিশুদের পুষ্টি ও শিক্ষার মতো মানবিক উদ্যোগে অনিয়মের ছায়া পড়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত না হলে শুধু অর্থ অপচয় নয়, ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি নিরাপত্তাও।



মন্তব্য করুন