জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনার পর, আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।
শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন করছেন। রোববার দুপুর পৌনে ২টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থানরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশন চালায়।
আহতদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনকারীরা শহীদ মিনারে রাতযাপন শুরু করেন। কেউ পলিথিন বিছিয়ে, কেউ কম্বল গায়ে জড়িয়ে অবস্থান চালিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জের ফেকামারা কামিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম কাজল বলেন, “প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাড়ি ফিরব না। সরকার বহুবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি।”
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত শিক্ষক শফিকুল ইসলাম কাজল, গণপতি হাওলাদার ও মো. আক্কাস আলী।
ঢামেক ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, “তিন শিক্ষককে আনা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “শিক্ষকদের ভয় দেখিয়ে সরানো হয়েছে। কেউ আটক নন, পরিচয় নিশ্চিত হলে ছেড়ে দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য ছিল জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা।”
এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নেয়। তবে আলোচনায় কোনো নির্দিষ্ট সময়সীমা বা প্রজ্ঞাপন না পাওয়ায় তারা হতাশ হয়ে ফিরে আসেন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার প্রতারণা করছে। আমরা সংঘাত চাই না, কেবল প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরব না।”
আন্দোলনে সংহতি জানাতে বিকেলে শহীদ মিনারে যান জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। অথচ শিক্ষকদের ন্যূনতম দাবি মানা হচ্ছে না।”
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “রাস্তায় শিক্ষককে মারার মতো বর্বরতা কোনো সভ্য রাষ্ট্রে হয় না। যাঁদের আটক করা হয়েছে, সূর্য ডোবার আগেই তাঁদের মুক্তি দিতে হবে।”
সন্ধ্যার পরও শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান চালিয়ে যান। কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ প্রার্থনায় মগ্ন, কেউবা শুকনো খাবারে দিন পার করছেন।



মন্তব্য করুন