সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। সোমবার (১৩ অক্টোবর) রাতে সলঙ্গা ও কাওয়াকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে সলঙ্গা থানার র‍্যাব-১২ কার্যালয় সংলগ্ন এলাকায়। মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান (৩৫)। পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়ে হাফসা খাতুন (৩) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হান্নানকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা সদর উপজেলার বহুতী গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, রাতে উল্লাপাড়ার কাওয়াকমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নুরনবী হোসেন (৫৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, উল্লাপাড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। কাওয়াকমোড়ের ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করা যায়নি।

নিহত হান্নানের ভগ্নিপতি সজিব জানান, বৃষ্টি খাতুন তার স্বামী ও সন্তানদের নিয়ে সলঙ্গার সাতটিকরিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় মেয়ে হাফসা ঘটনাস্থলেই মারা যায় এবং হাসপাতালে নেওয়ার সময় মারা যান হান্নান।