বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী ব্যবস্থায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সংসদ। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ আবারও প্রমাণ করবে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। যদিও সেটি বিঘ্ন করার নানা অপচেষ্টা চলছে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, দেড় বছরের মধ্যে এ সংকট নিরসন সম্ভব।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।



মন্তব্য করুন