খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান (পিতা: আজমল) এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি (পিতা: মুরাদ আলী)। দুজনই নগরীর বাগমারা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিক ও আব্দুল্লাহ ওই এলাকায় ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা থানায় জিজ্ঞাসাবাদে রয়েছেন।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “ওএমএস বিক্রয়কেন্দ্রে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ওএমএস কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।”
ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। তবে সংশ্লিষ্ট ডিলার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা জানিয়েছেন, বর্তমানে সংগঠনটির কোনো কমিটি নেই। তারা বলেন, “আটক দুজন একসময় সংগঠনের নেতা ছিলেন। তবে অপরাধ যেই করুক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”



মন্তব্য করুন