মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী শহরের চৌরাস্তা ফুড গার্ডেন রেস্তোরাঁর সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ভিপি নুরুল হক নুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গণঅধিকার, ছাত্র অধিকার ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ভিপি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “আপনারা দেখেছেন গণ-অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট সরকারের লক্ষ্যবস্তু ছিলাম। তখন বলেছিলাম এমন একদিন আসবে যখন মুজিবকোর্ট পর্যন্ত কেউ যেতে চাইবে না—আজ তা সত্যি হয়েছে। ছাত্র, যুবক ও তরুণরা এক হলে ফ্যাসিস্ট শক্তির পরিণতি ইতিহাসে লেখা রয়েছে। বারবার হামলার শিকার হয়েও আমি আজও বেঁচে আছি আপনারা দোয়া ও ভালোবাসায়।

আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠিত হোক, যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। সেই সরকার আগামী পাঁচ বছর বাংলাদেশকে স্থিতিশীল ও স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত করবে। যদি কোনো অনৈক্যের কারণে আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে সবার কপালে শনির দশা থাকবে। তাই সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।”

সভায় তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের শিক্ষা নিয়ে আমাদের নেতৃবৃন্দকে নিজেদের পরিবর্তন করতে হবে। বক্তৃতা আর কাজের মধ্যে দ্বন্দ্ব থাকলে মানুষ আমাদের বিপক্ষে দাঁড়াবে।”

পথসভায় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।