নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাইকারটেক সেতুর পাশে একটি ডোবা থেকে সায়মা আক্তার মীম (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান এবং বিষয়টি থানায় জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। ভেতরে কালো পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। নিহত সায়মা পাবনার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় ‘কলাপাতা বার্গার কিং’ নামের একটি ফাস্টফুড রেস্তোরাঁয় চাকরি করতেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।