শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় সরকারি অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকায় মেঘনা নদীর শাখা মোস্তফা ঢালির খালের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী নদীতে ইলিশ শিকার ও বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ব্যবসায়ীরা ট্রলারে করে মাছ সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কর্মকর্তারা ট্রলার জব্দ করেন। এ সময় ক্ষুব্ধ জেলেরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়।

গোসাইরহাট উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার ঘটনায় আমরা অভিযানে যাই। ট্রলার জব্দ করার সময় কিছু লোক আমাদের ওপর চড়াও হয়, তবে আমরা কৌশলে ট্রলারসহ ফিরে আসি।” তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি বাড়ানো হবে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।