শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ মাছ মজুদ ও পরিবহনের কাজে আনা এক ট্রাক বরফ জব্দ করেছে গোসাইরহাট উপজেলা মৎস বিভাগ।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ঠাণ্ডার বাজার সরকার পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকে প্রায় ১০০ টি বরফের পাটা জব্দ করা হয়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য এক লাখ টাকা।

উপজেলা মৎস বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুদ ও পরিবহনের কাজে ব্যবহার করার জন্য এক ট্রাক বরফ খুলনা থেকে গোসাইরহাটের ঠাণ্ডার বাজার এলাকায় নিয়ে আসে কিছু অসাধু মাছ ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় মৎস বিভাগ। অভিযানে বরফসহ ওই ট্রাকটি জব্দ করা হয়। পরবর্তীতে সেটি থানা হেফাজতে নেয়া হয়।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব বলেন, নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ অবৈধভাবে মজুদ ও পরিবহনের লক্ষ্যে এক ট্রাক বরফ ঠাণ্ডারবাজার এলাকায় নিয়ে আসা হয়েছিলো। আমরা খবর পেয়ে বরফসহ ট্রাকটি আটক করেছি। তবে কারা বরফ এখানে নিয়ে এসেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আমরা এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।