প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির বিরোধিতা করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে মাদারীপুরের সাধারণ মানুষ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে দক্ষিণাঞ্চলমুখী যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের দাবি, সরকার বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলা নিয়ে নতুন ফরিদপুর বিভাগ গঠনের চিন্তা করছে, যেখানে মাদারীপুরকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে তারা চান, পদ্মা সেতু চালুর পর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মাদারীপুর যেন ঢাকা বিভাগের অধীনেই থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা জানান, “আমরা প্রশাসনিকভাবে ফরিদপুর নয়, ঢাকার সঙ্গেই থাকতে চাই। পদ্মা সেতুর পর ঢাকায় যাতায়াত সহজ হয়েছে, তাই ফরিদপুরে যুক্ত হওয়া আমাদের জন্য অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।”
অবরোধস্থলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার সদস্য রুবেল মৃধা, জহিরুল ইসলাম সানি, আশিকুল ইসলাম, নেয়ামুল হক ও কিরণ আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রশাসনের কর্মকর্তারা জানান, বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হবে এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের এই প্রস্তাব কেবল মাদারীপুর নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার জন্ম দিয়েছে।



মন্তব্য করুন