মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম (৪২) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খাটের ওপর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে।
নাজমা বেগম নড়িয়া উপজেলার ডগ্রি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে। তিন বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি একমাত্র ছেলে নিলয়কে নিয়ে রূপনগরের একটি বাসায় ভাড়া থাকতেন। জীবিকার তাগিদে আশপাশের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নিলয় স্কুলে গেলে নাজমা একাই বাসায় ছিলেন। দুপুরে ফিরে সে মাকে খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখে গলায় ফাঁস লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
নাজমা বেগমের ভাই দ্বীন ইসলাম অভিযোগ করে বলেন, “কিছুদিন আগে আমার বোন তার স্বর্ণালঙ্কার বন্দক থেকে ছাড়িয়ে এনেছিল। সেগুলো বাসায় ছিল। আমরা মনে করি, ওই গয়নাগুলোর জন্যই তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
বাসার মালিকের স্ত্রী নাজমুন নাহার বলেন, “নাজমা খুব পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। সংসার চালাতে অনেক কষ্ট করতেন। তাকে হত্যা করে গলার ও হাতের গয়না নিয়ে গেছে। পুরো ঘটনাটিই রহস্যজনক।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ঘরের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য করুন