শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে “তারুণ্যের উৎসব” উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় শরীয়তপুরে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজীর, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ছগির হোসেন, জেলা ক্রিকেট কোচ সেলিম সিকদার, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. রিপনসহ জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড়রা।
প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন শরীয়তপুরের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।



মন্তব্য করুন