শরীয়তপুর সদর উপজেলার চর চটাং গ্রামের দুবাই প্রবাসী জিয়াউর রহমান বেপারীকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের ছোট ভাই ইসলাম সরদারের স্ত্রী লায়লা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তার বিরুদ্ধে মামলা করে আসছেন। সম্প্রতি তিনি আবারও নতুন একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ গিয়ে প্রবাসীর জমিতে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেয়।

প্রবাসী জিয়াউর রহমান জানান, “আমি যখনই বিদেশ থেকে দেশে আসি, তখনই লায়লা বেগম মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। এখন পর্যন্ত প্রায় ১৫টি মামলা দিয়েছে। আমি আমার ক্রয়কৃত জমির ওপর দিয়ে বাড়ি থেকে মূল সড়কে যাওয়ার জন্য একটি মাটির রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সে জায়গা নিজের দাবি করে মামলা করেছে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, লায়লা বেগম শুধু জিয়াউর রহমানকেই নয়, স্থানীয় অনেকের সঙ্গেও খারাপ আচরণ করেন। তার ‘অশ্রাব্য ভাষা ও হুমকিমূলক ব্যবহার’-এর কারণে এলাকাবাসী আতঙ্কে থাকেন।

স্থানীয় বাসিন্দা বাবুল সরদার বলেন, “লায়লা বেগম আমার জায়গা দখল করে ঘর তুলেছে। আজ আবার আমার একটি ছোট টিনের ঘর ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।”
আরেক বাসিন্দা মনোয়ার মাদবর জানান, “লায়লা বেগমের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। সে প্রবাসী জিয়াউর রহমানের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়েছে এবং তার জমিতে রাস্তা নির্মাণে বাধা দিয়েছে।”

তবে অভিযুক্ত লায়লা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “জিয়াউর রহমান আমাদের জায়গা দখল করে রাস্তা বানাতে চেয়েছে। আমি কোর্টে মামলা করেছি, আদালতের আদেশে পুলিশ কাজ বন্ধ রাখতে বলেছে।”

আংগারিয়া পুলিশ ফাঁড়ির এএসআই সাজ্জাদ হোসেন বলেন, “লায়লা বেগম আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছেন। আদালতের আদেশে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, লায়লা বেগমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে এলাকায় শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।