মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম গতিশীলকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের দুদক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সাজেকা (সততা জাগরণ কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি)।
সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু, দুদকের কর্মকর্তা-কর্মচারী এবং মাদারীপুর ও শরীয়তপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময় উপপরিচালক মোঃ আতিকুর রহমানের মাদারীপুর জেলা কার্যালয়ে শেষ কর্মদিবস হওয়ায় উপস্থিত সবাই তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন। সহকর্মীরা তার কর্মজীবনের বিভিন্ন অবদান স্মরণ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।
শেষে উপপরিচালক আতিকুর রহমান তার সহকর্মী ও দুদক পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
> “মাদারীপুরে আমার কর্মজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি সবার জন্য দোয়া চাই এবং দেশের সুশাসন প্রতিষ্ঠায় দুদকের কার্যক্রম আরও বেগবান হবে— এই প্রত্যাশা রাখি।”
সভা শেষে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন