শরীয়তপুর, ৪ নভেম্বর ২০২৫:
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে মাছ ধরার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আলমগীর দপ্তরী ও নুরে আলম মোল্লা, উভয়েই স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই কৃষক পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিতে যান। অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, কৃষিকাজে বিদ্যুৎ ব্যবহারের সময় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।