মাদারীপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকের বাথরুম থেকে মঙ্গলবার বিকেলে রক্তাক্ত অবস্থায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বিকেল সাড়ে তিনটার দিকে লেকের দক্ষিণপাড়ার বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের বাথরুম পরিষ্কার করতে গিয়ে রক্তাক্ত শিশুটিকে দেখতে পান। তাৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানালে নবজাতককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার জানান, একদিন বয়সী শিশুটির অবস্থা প্রথমে অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাৎক্ষণিক চিকিৎসার পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ক্লিনিক কর্তৃপক্ষও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন কর্মী স্বর্ণালী খন্দকার।

মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, শিশুটির মা-বাবার পরিচয় শনাক্ত করতে ক্লিনিকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা চলছে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।