শরীয়তপুর শহরের আমিনবাগে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক চিকিৎসক দম্পতির ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে গেছে।
ভুক্তভোগী ডা. সুব্রত কুমার বিশ্বাস ও তার স্ত্রী ডা. ঐশী মণ্ডল দুজনেই শরীয়তপুরের বেসরকারি হাসপাতালে কর্মরত। সকালে ডিউটিতে যাওয়ার পর দুপুরে চোররা তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে এই চুরি সংঘটিত করে। ভবনের সিসিটিভি ক্যামেরায় চোরের মুখমণ্ডল স্পষ্ট ধরা পড়েছে।
চলতি বছর ফেব্রুয়ারিতে রাজশাহী থেকে শরীয়তপুরে এসে তিন মাস আগে শিল্পকলা একাডেমির পাশের বহুতল ভবনের ওই ফ্ল্যাটে ওঠেন তারা। ডা. ঐশী জানান, বিয়ের সময় বাবার বাড়ি থেকে পাওয়া পাঁচ ভরি স্বর্ণালংকারসহ সব নগদ টাকা ও ফোন হারিয়েছেন। মোট ক্ষতির পরিমাণ অন্তত সাড়ে দশ লাখ টাকা।
তিনি বলেন, “শহরের মধ্যে এমন চুরি কল্পনাও করিনি। আমরা এখনো আতঙ্কে আছি।” ডা. সুব্রত কুমার বলেন, “দ্রুত চোরকে গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করা হোক।”
চুরির খবর পেয়ে বাসার মালিক তাদের ফোন করলে দ্রুত বাসায় ফিরে আসেন ডা. ঐশী। ঘটনাস্থল পরিদর্শন করেছে পালং মডেল থানা পুলিশ। ওসি হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন